হাড় কাঁপানো শীতে সীমান্তবর্তী এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি ঠাকুরগাঁও সেক্টরের আয়োজনে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্ত এলাকায় ২শ’ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আজ দুপুরে রাণীশংকৈল উপজেলার জগদল কাশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঠাকুরগাঁও সেক্টরের আয়োজনে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া (বিজিবিএম, পিএসসি)। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র পেয়ে খুশি উপকারভোগীরা। জগদল গ্রামের বৃদ্ধা সুফিয়া খাতুন বলেন,
“এই ঠান্ডায় আমাদের খুব কষ্ট হচ্ছিল। কম্বল কেনার সামর্থ্য নেই। বিজিবি আজ কম্বল দিয়েছে, এতে অনেক উপকার হলো।”
একই এলাকার দিনমজুর আব্দুল কাদের বলেন,
“শীতের কারণে কাজেও যেতে পারছিলাম না। বিজিবির দেওয়া কম্বল পেয়ে পরিবারের সবাই একটু স্বস্তি পাচ্ছি।”
শীতবস্ত্র পাওয়া আরেক উপকারভোগী রাহেলা বেগম বলেন,
“সীমান্ত এলাকায় আমরা অনেক সময় অবহেলিত থাকি। বিজিবি আমাদের কথা ভেবেছে, এজন্য তাদের ধন্যবাদ।”
এ সময় বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া বলেন, বিজিবি শুধু সীমান্ত সুরক্ষা ও আইন-শৃঙ্খলা রক্ষায় নয়, জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবের পাশাপাশি মানবিক দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এ ধরনের কার্যক্রম বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। ভবিষ্যতেও বিজিবির জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
নবীন হাসান
ঠাকুরগাঁও প্রতিনিধি