আহবানের আয়োজনে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত তিন দিনব্যাপী জেন-জি কার্নিভাল ঠাকুরগাঁও ২০২৬ শেষ হয়েছে। শনিবার সন্ধ্যায় বর্ণাঢ্য মিউজিক ফেস্টিভ্যালের মধ্য দিয়ে এই ব্যতিক্রমধর্মী আয়োজনের পর্দা নামে।
এর আগে শেষ দিনের কর্মসূচির সূচনা হয় সকালবেলা ‘রান জেনজি রান’ শীর্ষক দৌড় প্রতিযোগিতার মাধ্যমে। এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন।এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক পয়গাম আলী।
পরে কার্নিভালের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পের উদ্বোধনের পর সেখানে মেডিসিন, বক্ষব্যাধি, ডায়াবেটিস, দন্ত, গাইনি ও অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখে। এ ক্যাম্পে প্রায় চার শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।
এদিন আরও অনুষ্ঠিত হয় ‘ব্যাটেল অব আর্গুমেন্ট’ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড। ফাইনালে অংশ নেয় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও ইকো পাঠশালা এন্ড কলেজ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ফাইনালে ইকো পাঠশালা এন্ড কলেজ বিজয়ী হয়।

ফাইনাল রাউন্ডে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজ গবেষক ড. ফাহাম আব্দুস সালাম ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজ সংগঠক ড. শামারুহ্ মির্জাসহ অন্যান্য বিচারকরা। পরে তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে যুক্তিবোধ, নেতৃত্ব ও ইতিবাচক চিন্তা বিকাশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
এছাড়াও দ্বিতীয় দিন থেকে চলমান পিঠা আড্ডা ও উদ্যোক্তা মেলার সমাপ্তি ঘটে শেষ দিনে। এ মেলায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উদ্যোক্তারা অংশ নেন। উদ্যোক্তারা জানান, এই আয়োজন তাদের পণ্য পরিচিতি ও বিক্রির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছে।
কার্নিভালের শেষ দিনে প্রথম দিনের আয়োজিত ‘জেনজি আউট অফ দ্য ফ্রেম’ শীর্ষক চিত্র প্রদর্শনীর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ, সমকালীন ইতিহাস ও ঠাকুরগাঁওয়ের প্রকৃতি–মানুষ–সংস্কৃতি নিয়ে নির্মিত ছবিগুলো দর্শনার্থীদের ব্যাপক প্রশংসা কুড়ায়।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও সচেতন নাগরিকত্ব গড়ে তোলাই এই কার্নিভালের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
নবীন হাসান, ঠাকুরগাঁও।