কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় ঠিকাদারের হাতে প্রকৌশলী লাঞ্ছিতের অভিযোগ

Share

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় প্রভাবশালী এক ঠিকাদারের হাতে একজন প্রকৌশলী লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনা শোনার পর স্থানীয় সাংসদ এম এ মান্নান ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী ঠিকাদারকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।

সূত্র জানায়, নবীনগর উপজেলার মেরকুটা বাজার থেকে শিবপুর পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক নির্মাণের কার্যাদেশ পায় রাজশাহীর বরেন্দ্র কন্সট্রাকশন লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এলজিইডির আওতায় নির্মীয়মাণ এ সড়কটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকা।

কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে সড়কটির তদারকির দায়িত্ব পান ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় প্রভাবশালী ঠিকাদার লোকমান হোসেন।
সড়কটি নির্মাণে নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ ওঠায় আজ সোমবার (১৩ এপ্রিল) ঢাকা থেকে এলজিইডির একটি প্রতিনিধিদলসহ স্থানীয় প্রকৌশলীরা ঘটনাস্থলে যান। সে সময় কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় তরিকুল ইসলাম নামের এক উপসহকারী প্রকৌশলীকে প্রতিনিধিদলের সামনেই স্থানীয় ঠিকাদার লোকমান হোসেন লাঞ্ছিত করেন।

ভুক্তভোগী উপসহকারী প্রকৌশলী মীর্জা মো. তরিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, কাজের নিম্নমান নিয়ে প্রশ্ন করতেই ঢাকা ও জেলা থেকে আগত স্যারদের সামনেই আমাকে মারতে উদ্যত হয় ঠিকাদার লোকমান।

এক পর্যায়ে হাতে বাঁশ নিয়ে অশ্রাব্য ভাষায় গালাগালসহ পেটানোর জন্য আমাকে ধাওয়া করেন। সে সময় আমি দৌড়ে কোনোরকম প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি।
তিনি আরো বলেন, ঠিকাদার লোকমান খুবই খারাপ মানুষ। মামলা করলে আমাকে প্রাণে মেরে ফেলবে।

তাই আমি দ্রুত নবীনগর থেকে বদলি হয়ে চলে যাওয়ার চেষ্টা করব।
এ বিষয়ে জানতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে বারবার চেষ্টা করেও কথা বলা যায়নি। তবে নবীনগরের ইউএনও মাহমুদুল হাসান বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছি। বিষয়টি আমরা শক্তভাবেই দেখছি।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান কালের কণ্ঠকে বলেন, ঘটনা শোনার পরই আমি পুলিশ সুপারের সঙ্গে কথা বলে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী ঠিকাদারকে গ্রেপ্তারের জন্য কঠোর নির্দেশ দিয়েছি।

সরকারি কর্মকর্তার ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তথ্য সূত্র: ইত্তেফাক