চট্টগ্রামে ইসকনের সঙ্গে মন্দির দখল নিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সংঘর্ষ, আহত ৪

Share

চট্টগ্রাম নগরীর নন্দনকানন এলাকায় ইসকনের সঙ্গে স্থানীয় সাধারণ হিন্দু সম্প্রদায়ের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। শনিবার রাত ৩টার দিকে লোকনাথ মন্দিরসংলগ্ন এলাকায় ইসকনের একদল লোক প্রবেশের চেষ্টা করলে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বাদানুবাদ শুরু হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। এতে কমপক্ষে চারজন আহত হয়েছেন এবং একজনকে আটক করা হয়েছে। সংঘর্ষের সময় মন্দির এলাকায় একটি কক্ষ ভাঙচুর ও বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, লোকনাথ মন্দিরসংলগ্ন কিছু খাসজমির নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে ইসকন এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিরোধ চলে আসছে। স্থানীয়দের অভিযোগ, ইসকন পর্যায়ক্রমে এই জমি ও মন্দির নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছে। এর আগেও চট্টগ্রামে অবৈধভাবে জমি দখল ও মন্দিরের নাম ব্যবহার করে অনুদান সংগ্রহের অভিযোগ উঠেছিল ইসকনের বিরুদ্ধে।

নগর পুলিশের (দক্ষিণ বিভাগ) উপ-কমিশনার হোসাইন কবির ভূঁইয়া জানান, অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষকে সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। এলাকায় পুলিশের টহল অব্যাহত রয়েছে। আহত চারজনকে নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। চট্টগ্রাম নগর পুলিশ (দক্ষিণ) জানিয়েছে, উভয় পক্ষের বক্তব্য শুনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিরোধের স্থায়ী সমাধানে প্রশাসন সক্রিয় ভূমিকা রাখবে।