বিশ্বকাপের আগে উত্তেজনা: ইরানের ফুটবল কর্মকর্তাদের ভিসা দিল না যুক্তরাষ্ট্র, ফিফার কাছে নালিশ

Share

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় পর্দা উঠতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের। কিন্তু মহোৎসব শুরুর আগেই রাজনৈতিক উত্তেজনায় উত্তপ্ত হয়ে উঠেছে পরিবেশ। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ইরান জাতীয় ফুটবল দলের একাধিক গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও সাপোর্ট স্টাফকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে। এর প্রতিবাদে বিশ্বফুটবলের অভিভাবক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে ইরান ফুটবল ফেডারেশন।

গত ১৮ মে থেকে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় রিসোর্ট শহর আন্টালিয়ায় নিবিড় অনুশীলন ক্যাম্পে রয়েছে ইরান দল। শুক্রবার রাতে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিশ্চিত করেন, ইরানের ফুটবলাররা ভিসা পেয়েছেন। তবে এর কয়েক ঘণ্টার মধ্যেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় তুরস্কে অবস্থিত ইরানি দূতাবাস। তারা জানায়, খেলোয়াড়রা ভিসা পেলেও দলের ম্যানেজমেন্ট, নির্বাহী কর্মকর্তা, টেকনিক্যাল অ্যাডভাইজার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্টাফদের একটি বড় অংশকে পরিকল্পিতভাবে ভিসা দেওয়া হয়নি।

ইরানের গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভিসা না পাওয়াদের তালিকায় রয়েছেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ, পরিচালক মেহদি খারাতি, সাধারণ সম্পাদক হেদায়েত মোম্বিনি এবং মিডিয়া ডিরেক্টর মহসেন মোতামেদকিয়া। আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ভিসাবঞ্চিত এই কর্মকর্তারা আপাতত দলের সঙ্গে মেক্সিকো যাবেন এবং সেখান থেকে মার্কিন ভিসা পাওয়ার চেষ্টা অব্যাহত রাখবেন।

এই ঘটনাকে আন্তর্জাতিক ক্রীড়া আইনের সুস্পষ্ট লঙ্ঘন আখ্যা দিয়ে ইরান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র সম্পূর্ণ অখেলোয়াড়সুলভ ও রাজনৈতিক উদ্দেশ্যে ইরানের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ভিসা দিতে অস্বীকার করে শত্রুতামূলক আচরণ অব্যাহত রেখেছে। ফেডারেশন আরও জানায়, দলের ম্যানেজিং ও কারিগরি স্টাফদের ভিসা নিশ্চিত করার দায়ভার ফিফার। এ ব্যাপারে ফিফা এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।