রাজধানীর পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় আজ রোববার (৭ জুন) ঘোষণা করা হবে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন বেলা ১১টায় এ রায় ঘোষণা করবেন। ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় রায় হতে যাচ্ছে।
আজ সকালে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে এনে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়েছে।
গত ১৯ মে পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার আগেই ওই ফ্ল্যাটের বাসিন্দা প্রধান আসামি সোহেল রানা শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যান। তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে তখনই বাসা থেকে আটক করা হয়। পরে একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২০ মে উভয় আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
গত ১ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এরপর সাক্ষ্য গ্রহণ, আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক শেষে গত বৃহস্পতিবার আজকের দিনটি রায় ঘোষণার জন্য ধার্য করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে.