রাজশাহীর বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) কমলেশ দাসের নিজ কার্যালয়ে বসে ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল রোববার রাতে ভিডিওটি ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে আজ সোমবার বেলা ১১টার দিকে তাঁকে থানা থেকে প্রত্যাহার করে রাজশাহী পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
৫২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কমলেশ দাস নিজ দপ্তরে বসে এক ব্যক্তির কাছ থেকে খামে করে টাকা গ্রহণ করেন। এরপর টেবিলের নিচে নিয়ে অধিকাংশই এক হাজার টাকার নোট বের করে দ্রুত গণনা শেষে নিজের মানিব্যাগে রাখেন। এ সময় তাঁকে হাসিমুখে অর্থদাতার সঙ্গে কথা বলতে দেখা যায়। ‘কাজিম বাবু’ নামের একটি সাংবাদিক ফেসবুক পেজ থেকে প্রথমে ভিডিওটি পোস্ট করা হয়, পরে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে জানতে চাইলে কমলেশ দাস বলেন, ‘কে, কখন ও কীভাবে ভিডিও করেছে বুঝতে পারছি না ভাই, অনেকে রেশন নিয়ে এর টাকাও দেয়।’ রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে এবং তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।