ছবি: সংগৃহীত 

কাফনে রক্তের দাগ, মাথায় কোপের চিহ্ন — ‘স্বাভাবিক মৃত্যু’র দাবি উড়িয়ে জানাজা স্থগিত করলেন এলাকাবাসী

Share

চট্টগ্রামের রাউজানে স্বাভাবিক মৃত্যু হয়েছে দাবি করে দাফনের জন্য আনা এক বৃদ্ধের মরদেহের কাফনে রক্তের দাগ ও মাথায় জখমের চিহ্ন দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। জানাজা স্থগিত করে পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

গতকাল রোববার সন্ধ্যায় রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজী তালুকদারবাড়িতে ঘটনাটি ঘটে। মারা যাওয়া ব্যক্তির নাম সিরাজ উদ দৌলা (৬০)। তিনি পরিবারের সঙ্গে চট্টগ্রাম নগরে থাকতেন, তবে গ্রামের বাড়িতে দাফনের জন্য মরদেহ আনা হয়।

সিরাজ উদ দৌলা (৬০) ছবি: সংগৃহীত

মাগরিবের নামাজের পর জানাজার প্রস্তুতির সময় কাফনের কাপড়ে অতিরিক্ত রক্তের দাগ এবং মাথায় তিনটি কোপের মতো চিহ্ন দেখতে পান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে দাফন কার্যক্রম স্থগিত করে পুলিশকে খবর দেওয়া হয়। রাত ৯টার দিকে রাউজান থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা মো. ইউসুফ বাবুল জানান, সম্প্রতি পারিবারিক কলহের কারণে সিরাজ উদ দৌলা কিছুদিন স্বজনের বাসায় ছিলেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান। তবে নিহতের স্ত্রী জাহেদা বেগম দাবি করেছেন, মৃত্যুর দুই দিন আগে চেয়ার থেকে পড়ে সামান্য আঘাত পেয়েছিলেন তাঁর স্বামী, সেই দাগই দেখা গেছে।

রাউজান থানার ওসি নিজাম উদ্দিন দেওয়ান জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।