তিনতন্ত্র আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের ইতিহাসে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব শিবাজী মহারাজের স্মরণে ইসরায়েলে একটি বড় আকৃতির ভাস্কর্য স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মুম্বাইয়ে নিযুক্ত ইসরায়েলের কনসাল জেনারেল ইয়ানিভ রেভাখ।
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ভারতের ইতিহাসে শিবাজীর গুরুত্ব ও প্রভাব অত্যন্ত গভীর, যা তারা ভালোভাবেই উপলব্ধি করেন। এই উপলব্ধি থেকেই ইসরায়েলে তার একটি ভাস্কর্য স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি শুধু একটি শিল্প প্রকল্প নয়, বরং ভারত ও ইসরায়েলের জনগণের মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্কের প্রতীক হিসেবে কাজ করবে।
ভাস্কর্যটি নির্মাণে ঐতিহাসিক নির্ভুলতা ও শৈল্পিক মান বজায় রাখতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের কাছে সহযোগিতা চেয়েছে ইসরায়েল। এ বিষয়ে তিনি ইতিবাচক সাড়া দিয়ে সব ধরনের রাষ্ট্রীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।
মুখ্যমন্ত্রীকে লেখা এক চিঠিতে ইসরায়েলি কূটনীতিক উল্লেখ করেন, এই ভাস্কর্য দুই দেশের বন্ধুত্বের এক শক্তিশালী প্রতীক হয়ে উঠবে। বিশেষ করে মহারাষ্ট্রের সঙ্গে ভারতীয় ইহুদি সম্প্রদায়ের ঐতিহাসিক সম্পর্ক এবং তাদের বংশধরদের বর্তমান ইসরায়েলি সমাজে গুরুত্বপূর্ণ অবদানের বিষয়টিও এতে প্রতিফলিত হবে।
ইসরায়েলি জনগণের মধ্যে শিবাজী মহারাজের জীবন ও বীরত্বগাথা তুলে ধরার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ইয়ানিভ রেভাখ। তিনি বলেন, ভারতে সফরের সময় তিনি ইসরায়েল ও তাদের জাতীয় বীরদের প্রতি মানুষের গভীর শ্রদ্ধা লক্ষ্য করেছেন। একইভাবে ইসরায়েলের মানুষের মধ্যেও শিবাজী সম্পর্কে সচেতনতা বাড়ানো প্রয়োজন।
এদিকে, এই ঘোষণাকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ একে “ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ উদ্যোগ” হিসেবে অভিহিত করেছেন। তিনি ইসরায়েলি কনসাল জেনারেলকে ধন্যবাদ জানিয়ে এ প্রকল্পে মহারাষ্ট্র সরকারের পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।
সূত্র: এনডিটিভি