কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় ডাকাতির সময় এক গৃহবধূ ও তাঁর কিশোরী মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন রেজাউল করিম (৩৬), তোফাজ্জল হোসেন (২৩), কেফায়েত হোসেন (২৭), মোহাম্মদ তানজিদ (২৪), মেহেদী হাসান (২৪) ও মোহাম্মদ তারেক (২৬)। তাঁরা সবাই একই উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূর স্বামী চট্টগ্রাম নগরে কর্মরত। বাড়িতে তিনি তাঁর ১৫ বছর ও ৭ বছরের দুই মেয়েকে নিয়ে বসবাস করতেন। ঘটনার রাতে ৮ থেকে ১০ সদস্যের একটি ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। পরে আলমারি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে গৃহবধূ ও তাঁর কিশোরী মেয়েকে দলবদ্ধভাবে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।
ভুক্তভোগীর ছোট ভাই জানান, ডাকাতরা চলে যাওয়ার পর খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দুজনকে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় উদ্ধার করেন। পরে রাত চারটার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ভুক্তভোগীর মা (৬৫) এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ভোরে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে। এর মধ্যে চারজনকে ভুক্তভোগীরা শনাক্ত করেছেন। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।