ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধি

Share

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘পাল্টা জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পরই এই হামলার ঘটনা ঘটেছে। হরমুজ প্রণালিতে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগকে কেন্দ্র করে এই অভিযান চালানো হয়।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার থেকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিনী। তারা এটিকে ইরানের ‘অযৌক্তিক আগ্রাসনের সমানুপাতিক জবাব’ হিসেবে উল্লেখ করেছে।

হামলার পর পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির উপকূলীয় এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যা পুরো অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

সেন্টকম আরও জানায়, ইরানের হামলায় ভূপাতিত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের দুই পাইলটকে একটি সামুদ্রিক ড্রোনের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। এ ধরনের উদ্ধার অভিযানে ড্রোন ব্যবহারের বিষয়টি এই প্রথম প্রকাশ্যে স্বীকার করল মার্কিন সামরিক বাহিনী।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে। তবে এতে থাকা দুই পাইলট নিরাপদ ও অক্ষত আছেন বলেও তিনি উল্লেখ করেন।

মার্কিন কর্মকর্তাদের দাবি, হেলিকপ্টারটিতে হামলার জন্য ইরান একটি ড্রোন ব্যবহার করেছে। তবে ড্রোনটি ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করেছিল কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে ইরানের আধা সরকারি মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, হরমুজ প্রণালিতে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনায় তেহরান কোনো দায় স্বীকার করেনি।

হেলিকপ্টার ভূপাতিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর ঘোষণা দেয়, যা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আশঙ্কা তৈরি করেছে।