বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহছবি: সংগৃহীত

হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

Share

 

চলতি বছরের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের দক্ষতা ও সুশৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেছেন সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ। বুধবার রিয়াদে দ্য পিলগ্রিমস এক্সপেরিয়েন্স প্রোগ্রাম সেন্টারে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এই প্রশংসা করেন।

সৌদি হজমন্ত্রী বলেন, এ বছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনা ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও কার্যকর এবং হজযাত্রীদের সেবায় বাংলাদেশ যে দক্ষতা ও সমন্বয়ের পরিচয় দিয়েছে তা প্রশংসার দাবিদার। আগামীতে হজ ব্যবস্থাপনার আরও উন্নয়নে বাংলাদেশের অভিজ্ঞতা ও সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। পাশাপাশি ধর্মমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আন্তরিক ধন্যবাদ জানান।

জবাবে ধর্মমন্ত্রী হজযাত্রীদের নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার ও মাশায়ের অঞ্চলে উন্নত সেবাদানের মাধ্যমে এ বছর নিরাপদ পরিবেশ নিশ্চিত করায় সৌদি সরকারকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সৌদি আরবের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেনসহ দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।