মেক্সিকোতে আজ পর্দা উঠছে বিশ্বকাপের।

তৃতীয়বার বিশ্বকাপ আয়োজনে রেকর্ড গড়ল মেক্সিকো, আজ পর্দা উঠছে মহোৎসবের

Share

 

বিশ্বকাপ আয়োজনে ইতিহাস গড়তে যাচ্ছে মেক্সিকো। আজ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। ১৯৭০ ও ১৯৮৬ সালের পর এবার তৃতীয়বারের মতো বিশ্বকাপের আয়োজক হচ্ছে মেক্সিকো — যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ আয়োজনের নতুন রেকর্ড।

পেলের ব্রাজিল ১৯৭০ সালে এবং ম্যারাডোনার আর্জেন্টিনা ১৯৮৬ সালে মেক্সিকোর মাঠেই বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। দুটি আসরেই স্বাগতিক মেক্সিকো কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল। বিশেষত ১৯৮৬ সালে কোনো ম্যাচ না হেরেও শেষ আট থেকে বিদায় নিয়েছিল তারা।

ফুটবলের প্রতি মেক্সিকানদের উন্মাদনা বিশ্বখ্যাত। স্টেডিয়ামে গ্যালারিতে ঢেউয়ের মতো উদযাপনের ‘মেক্সিকান ওয়েভ’ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে তাদের হাত ধরেই। দলটি টানা আটটি বিশ্বকাপে নকআউট পর্বে খেলার অনন্য রেকর্ডও রাখে।

এবার মেক্সিকোর সবচেয়ে বড় তারকা ফুলহ্যামের ফরোয়ার্ড রাউল হিমেনেস এবং ৪০ বছর বয়সী গোলকিপার গিয়ের্মো ওচোয়া — যিনি রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলতে নামছেন।