ছবিঃ সংগৃহীত

অবকাঠামো খাতে ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ, দ্বিতীয় যমুনা সেতু ও ৬টি মেট্রোরেল লাইনের পরিকল্পনা

Share

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন খাতে ৬০ হাজার ৭৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আগের অর্থবছরের সংশোধিত বরাদ্দ ৪৮ হাজার ২৯২ কোটি টাকার তুলনায় এটি প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা বেশি।

সড়ক খাতে মহাসড়ক উন্নয়ন ও চার লেনে উন্নীতকরণ, রিং রোড ও রেডিয়াল রোড নির্মাণে ঢাকার যানজট নিরসন, ৯৪টি উন্নয়ন প্রকল্পে সড়ক নিরাপত্তা জোরদার এবং ৩ হাজার কিলোমিটার জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দ্বিতীয় যমুনা সেতু, তৃতীয় মেঘনা সেতু ও ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে। ৬টি মেট্রোরেল লাইনের সমন্বয়ে আধুনিক গণপরিবহন নেটওয়ার্ক এবং মেট্রোরেলের সঙ্গে মনোরেলভিত্তিক ফিডার নেটওয়ার্ক নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

রেল খাতে সব জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনা, ঢাকা-চট্টগ্রাম রেলপথের ঢাকা-কুমিল্লা অংশে কর্ডলাইন নির্মাণ করা হবে — এতে দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমবে। ডুয়াল গেজ ডাবল লাইন, আধুনিক সিগন্যালিং ও উচ্চগতির রেল সংযোগ চালুর পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে।

নৌপরিবহন খাতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর বাস্তবায়ন, মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং চট্টগ্রাম বে-টার্মিনাল ও পতেংগা কন্টেইনার টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। বিমান খাতে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বোয়িংয়ের সঙ্গে ১৪টি আধুনিক উড়োজাহাজ ক্রয়ের চুক্তি স্বাক্ষর এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শীঘ্রই চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।