ছবিঃ সংগৃহীত

ঐতিহাসিক সিরিজ জয়! অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারাল বাংলাদেশ

Share

ওয়ানডে ক্রিকেটে ইতিহাস গড়ল বাংলাদেশ। মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো তাদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল টাইগাররা। এতে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে শুধু ইংল্যান্ডের বিপক্ষেই এখন সিরিজ জেতা বাকি রইল বাংলাদেশের।

ম্যাচের শুরুটা ছিল রীতিমতো অবিশ্বাস্য। মাত্র ২ ওভারেই শূন্য রানে অস্ট্রেলিয়ার ৩ উইকেট পড়ে যায় — ওয়ানডেতে ১০২৪ ম্যাচ খেলে এই প্রথম এমন ঘটনার মুখে পড়ল তারা। তাসকিনের বলে বোল্ড হন ম্যাথু শর্ট, মোস্তাফিজের ওভারে কুপার কনোলি ও ম্যাট রেনশ লিটনের হাতে ক্যাচ দেন।

পরে জস ইংলিস ও মার্নাস লাবুশেন মিলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। গ্রিন-লাবুশেন জুটি ১১৫ বলে ১০৩ রান করে পরিস্থিতি সামাল দেয়। কিন্তু তাসকিন পরপর দুই বলে গ্রিন ও জাম্পাকে বোল্ড করে ম্যাচে ফেরান বাংলাদেশকে। বৃষ্টিতে ইনিংস থামলে অস্ট্রেলিয়া ৪২ ওভারে ৮ উইকেট হারিয়ে করে ১৮৭ রান। ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২ রান।

জবাবে দ্বিতীয় বলেই তানজিদ আউট হলেও নাজমুল ও সৌম্য সরকার দলকে ঘুরিয়ে দেন ৯৩ বলে ৮৬ রানের জুটিতে। দুজনই পঞ্চাশের কাছাকাছি গিয়ে ফিরলে বাংলাদেশ ১৪৪ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে। কিন্তু তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজের ৪৮ বলে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩৫ ওভারেই জয় নিশ্চিত হয়। মাথায় বল লেগে অসুস্থ হওয়া মিরাজ ছক্কা মেরে জয় নিশ্চিত করেন।