পিএসসি কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও শুধু একটি গেজেটের অপেক্ষায় থমকে গেছে হাজারো বিসিএস ক্যাডারের জীবন। ৪৫তম সাধারণ বিসিএসের ১ হাজার ৮০৭ জন এবং ৪৯তম বিশেষ বিসিএসের ৬৬৮ জন — মোট প্রায় আড়াই হাজার প্রার্থী মাসের পর মাস এই দোলাচলে দিন কাটাচ্ছেন।
৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফল গত বছরের ১১ নভেম্বর প্রকাশ হলেও সাত মাস পেরিয়ে যাওয়ার পরও গেজেট হয়নি। ৪৫তম বিসিএসের প্রার্থীদেরও গত বছরের ২৭ নভেম্বরের ফলাফলের পর ছয় মাসের বেশি সময় কেটে গেছে। প্রার্থীরা জানতে পেরেছেন, পুলিশ ভেরিফিকেশন শেষ হলেও ফাইলগুলো রি-ভেরিফিকেশনের জন্য এনএসআই দপ্তরে থমকে আছে।
চাকরি পাওয়ার আনন্দে অনেকে টিউশনি বা খণ্ডকালীন কাজ ছেড়ে দিয়েছিলেন, এখন তাঁরা চরম অর্থকষ্টে পড়েছেন। বন্ধুরা ‘ক্যাডার’ বলে খোঁচালেও বিল দেওয়ার সময় বিব্রত হতে হচ্ছে। এক নারী প্রার্থী বলেন, বয়োবৃদ্ধ অসুস্থ মা প্রায়ই জিজ্ঞাসা করেন — ‘তোর গেজেট দেখে মরতে পারব তো?’ মাকে দেওয়ার মতো কোনো জবাব তাঁর কাছে নেই।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবিহা ফাতেমাতুজ-জোহরা জানান, ভেরিফিকেশন প্রক্রিয়া চলমান রয়েছে এবং দ্রুতই গেজেট প্রকাশ করা হবে। এর আগে গত মে মাসে জনপ্রশাসন প্রতিমন্ত্রীও একই আশ্বাস দিয়েছিলেন। তবে আশ্বাসের এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রার্থীদের মূল্যবান সময় ও মানসিক শক্তি দিন দিন ক্ষয়ে যাচ্ছে।