ফেনীর ফুলগাজীতে মাত্র দুই মাস বয়সী শিশু মোহাম্মদ জুনায়েদকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা মোহাম্মদ সুলতানের (৩০) বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাতে ফুলগাজী বাজারসংলগ্ন মেম্বার কলোনির একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
শিশুটির মা রুনা আক্তারের অভিযোগ, তাঁর স্বামী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং সংসারের খরচ বহন করতেন না। শিশুর কান্নায় সুলতান প্রায়ই ক্ষুব্ধ হতেন। ওই রাতে কাজ শেষে ফিরে সুলতান তাঁকে দোকানে পাঠান। ফিরে এসে তিনি ছেলেকে অচেতন অবস্থায় দেখতে পান। হাসপাতালে নিতে চাইলে সুলতান বাধা দেন। পরে অনেক চেষ্টার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তবে আটকের পর সুলতান পুলিশকে জানান, কোলে নিয়ে খেলার সময় শিশুটি হাত থেকে পড়ে যায়।
ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক তানভীর মাহমুদ জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে এবং প্রাথমিক পর্যবেক্ষণে মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ফুলগাজী থানার ওসি এস এম মিজানুর রহমান জানান, মামলার প্রস্তুতি চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।