ছবি প্রতীকী

বাজেটে সামাজিক সুরক্ষায় বড় ঘোষণা: ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড, বাড়বে বিভিন্ন ভাতা

Share

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা হলো ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি — এর আওতায় ৪১ লাখ নারী মাসিক ২ হাজার ৫০০ টাকা করে ভাতা পাবেন। এ কর্মসূচিতে ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণের লক্ষ্য নির্ধারিত হয়েছে।

বিভিন্ন ভাতা কর্মসূচিতে পরিবর্তন আসছে। বয়স্ক ভাতা ৬৫০ থেকে বেড়ে ৭০০ টাকা হবে এবং উপকারভোগী ৬২ লাখে উন্নীত হবে। বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের ভাতাও একই হারে বেড়ে ৭০০ টাকা হবে, উপকারভোগী হবেন ৩০ লাখ। প্রতিবন্ধী ভাতা ৯০০ থেকে বেড়ে ১ হাজার টাকা হবে এবং উপকারভোগী ৩৮ লাখে উন্নীত হবে।

ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিসসহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের এককালীন সহায়তা ৫০ হাজার থেকে দ্বিগুণ করে ১ লাখ টাকা করা হয়েছে। উপকারভোগীর সংখ্যা ৬৫ হাজারে উন্নীত হবে। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর জন্য মাসিক ২০ হাজার টাকা এবং আহতদের জন্য ক্যাটাগরি ভেদে ১০ হাজার থেকে ২০ হাজার টাকা মাসিক ভাতার ব্যবস্থা রাখা হয়েছে।

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মানী মাসে ৫ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ নাগরিকদের ট্রেনে বিনামূল্যে ভ্রমণ এবং মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়ের ঘোষণাও এসেছে। এ ছাড়া সর্বজনীন পেনশন তহবিলের আওতায় বেসরকারি খাতের কর্মীরা অবসরে সঞ্চিত অর্থের ৩০ শতাংশ গ্র্যাচুইটি হিসেবে পাবেন।