ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়নি, বরং প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করা হয়েছে বলে দাবি করেছেন হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী শিশির মনির। আজ শুক্রবার (১২ জুন) সকালে ফেসবুকে প্রাসঙ্গিক নথিপত্রের ছবি শেয়ার করে তিনি এই দাবি করেন।
শিশির মনির জানান, হাসপাতালের দুটি আলাদা লাইসেন্স রয়েছে। একটি হাসপাতাল ও ক্লিনিক পরিচালনার জন্য (নম্বর HSM 4310058) এবং অপরটি প্যাথলজি সেন্টার পরিচালনার জন্য (নম্বর HSM 4310059)। গত ৪ জুন কর্তৃপক্ষ যে কারণ দর্শানো নোটিশ জারি করে, তাতে প্যাথলজি সেন্টারের লাইসেন্স নম্বর উল্লেখ ছিল। সেই নোটিশের ভিত্তিতেই গতকাল বৃহস্পতিবার লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত দেওয়া হয়। আইনজীবী প্রশ্ন রেখেছেন, এটি অবহেলা না সুচিন্তিত সিদ্ধান্ত।

আইনজীবী শিশির মনিরের ফেইসবুক স্ট্যাটাস
তবে এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানিয়েছিলেন, আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৭ মে ভোররাতে মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে এক থেকে চার দিন বয়সী ছয় নবজাতকের মৃত্যু হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে বলে জানিয়েছিল।