বাংলাদেশ ব্যাংক বা সরকারের পক্ষ থেকে ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। বৃহস্পতিবার (১১ জুন) বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গভর্নর জানান, কেন্দ্রীয় ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় কোনো অযাচিত হস্তক্ষেপ করেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হস্তক্ষেপের অভিযোগকে তিনি ভিত্তিহীন বলে উল্লেখ করেন এবং জানান, বাংলাদেশ ব্যাংক কোনো ঋণ অনুমোদন, নিয়োগ বা পদোন্নতিতে কোনো নির্দেশনা দেয়নি।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যাংকটির পরিচালনা পর্ষদে পাঁচজন সদস্য ছিলেন। পরে একজন সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠায় গত ১৬ মার্চ তাকে পরিবর্তন করা হয়। ঈদের আগে চেয়ারম্যান পদত্যাগ করলে ব্যাংকের কার্যক্রম সচল রাখতে দ্রুত নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। গভর্নর জানান, একটি সিস্টেমিক ব্যাংক হওয়ায় ন্যূনতম পরিচালনা কাঠামো বজায় রাখা জরুরি ছিল।
আমানতকারীদের আশ্বস্ত করে গভর্নর বলেন, ইসলামী ব্যাংকের আমানত সম্পূর্ণ সুরক্ষিত এবং গ্রাহকরা যেকোনো সময় অর্থ উত্তোলন করতে পারবেন। তিনি জানান, ২০২৪ সালের জুলাইয়ে ব্যাংকটির অ্যাডভান্স-ডিপোজিট রেশিও (এডিআর) ছিল প্রায় ৯৩ শতাংশ, যা চলতি বছরের মার্চে বেড়ে প্রায় ৯৮ শতাংশে দাঁড়িয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।