ছবি: সংগৃহীত

ইউরোপে অবৈধ অভিবাসন কমেছে ৪০ শতাংশ, ভূমধ্যসাগরে মৃত্যু ১৩০০

Share

চলতি বছরের প্রথম পাঁচ মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) অবৈধ সীমান্ত পারাপারের সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪০ শতাংশ কমেছে। শুক্রবার (১২ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইইউর সীমান্ত ও কোস্ট গার্ড সংস্থা ফ্রন্টেক্স।

সংস্থাটির প্রাথমিক তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রায় ৩৯ হাজার অনিয়মিত সীমান্ত পারাপারের ঘটনা নথিভুক্ত হয়েছে। ফ্রন্টেক্স জানায়, অংশীদার দেশগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধি এবং অভিবাসীদের উৎসদেশগুলোতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ফলে এই পরিবর্তন সম্ভব হয়েছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন নতুন ‘মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম প্যাক্ট’ কার্যকর করেছে। এর আওতায় ইইউ সীমান্তে অভিবাসীদের জন্য অভিন্ন ও মানসম্মত স্ক্রিনিং ব্যবস্থা চালু হয়েছে। ফ্রন্টেক্সের নির্বাহী পরিচালক হান্স লেইটেনস বলেন, এই চুক্তি সদস্য দেশগুলোকে একই আইনের আওতায় নিয়ে আসবে।

রুটভিত্তিক তথ্যে দেখা যাচ্ছে, আফ্রিকান রুটে অনিয়মিত পারাপার সর্বোচ্চ ৭১ শতাংশ কমেছে। তবে পশ্চিম ভূমধ্যসাগরীয় রুটে পারাপার ৪৬ শতাংশ বেড়েছে। মধ্য ও পূর্ব ভূমধ্যসাগরীয় রুটগুলো এখনো সবচেয়ে ব্যস্ত অভিবাসন পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বরাত দিয়ে ফ্রন্টেক্স জানায়, চলতি বছর এখন পর্যন্ত ভূমধ্যসাগরে প্রায় ১ হাজার ৩০০ অভিবাসীর মৃত্যু হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি