ছবি: সংগৃহীত

লাইসেন্স বাতিলের পর আদ্-দ্বীন হাসপাতাল ছাড়ছেন রোগীরা, আপিলের প্রস্তুতি কর্তৃপক্ষের

Share

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের পর চিকিৎসাধীন রোগীরা হাসপাতাল ছাড়তে শুরু করেছেন। তবে সংকটাপন্ন রোগীদের এখনো চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। আগামী রোববারের মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে আদ্-দ্বীন ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

হাসপাতালের জনসংযোগ বিভাগের তথ্য অনুযায়ী, লাইসেন্স বাতিলের সময় ৪১৬ জন রোগী ভর্তি ছিলেন। এরপর থেকে শুক্রবার বিকেল পর্যন্ত ১৭৩ জন হাসপাতাল ছেড়েছেন। এখনো ভর্তি রয়েছেন ২৪৩ জন, যাঁদের মধ্যে এনআইসিইউতে ৫০টি নবজাতক, আইসিইউতে ১৩ জন ও সিসিইউতে ৬ জন রয়েছেন। নতুন রোগী ভর্তি ও জরুরি বিভাগের সেবা পুরোপুরি বন্ধ রয়েছে।

লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে বিপাকে পড়েছেন অনেক রোগীর স্বজন। ফেনীর দাগনভূঞা থেকে আসা মুদিদোকানি আলী হায়দার দেড় মাস ধরে এনআইসিইউতে থাকা তাঁর নবজাতককে নিয়ে উদ্বিগ্ন। তিনি বলেন, অন্য হাসপাতালের খরচ জোগানো তাঁর পক্ষে সম্ভব নয়। নারায়ণগঞ্জের আরতি রানী মণ্ডল জানান, তিন বছর ধরে মাত্র ২৫০ টাকায় বোনের কিডনি ডায়ালাইসিস করাতেন এখানে। তিনি দাবি জানান, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও ডায়ালাইসিস সেবা যেন চালু রাখা হয়।

গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের জবাবে সন্তুষ্ট না হয়ে বৃহস্পতিবার লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক তারিকুল ইসলাম মুকুল জানান, স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া ৩০ দিনের সুযোগ কাজে লাগিয়ে রোববারের মধ্যে আপিল করা হবে। আইনজীবীর সঙ্গে ইতিমধ্যে কথা হয়েছে। সরকার জনস্বার্থে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চালু রাখার অনুমতি দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।