ছবিঃ সংগৃহীত

বাজেটে প্রবীণদের বিনামূল্যে ট্রেন ভ্রমণ, মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাঋণের প্রস্তাব

Share

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নাগরিক সেবা সহজীকরণ ও সেবা খাতের প্রসারে একাধিক উদ্যোগ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে এবারের বাজেটে। ৬৫ বছরের ঊর্ধ্বে নাগরিকেরা ট্রেনে সম্পূর্ণ বিনামূল্যে এবং মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়ে ভ্রমণ করতে পারবেন। অর্থমন্ত্রী বলেন, এতে প্রবীণদের যাতায়াত খরচ কমবে এবং জীবনযাত্রা কিছুটা স্বস্তিকর হবে।

উচ্চশিক্ষায় আর্থিক সংকটে পড়া শিক্ষার্থীদের জন্য শিক্ষাঋণ কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মেডিক্যাল ও ডেন্টাল শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষাঋণ এবং মেধাবী শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার জন্য বিশেষ ব্যাংকঋণ কর্মসূচির প্রস্তাবও রয়েছে বাজেটে।

পরিবহন খাতে বাসরুট যৌক্তিকীকরণ, বৈদ্যুতিক বাস চালু, সমন্বিত টিকিট ব্যবস্থা ও মেট্রোরেলভিত্তিক পরিবহন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তা জোরদারের উদ্যোগও নেওয়া হয়েছে।

ডিজিটাল সেবা সম্প্রসারণের আওতায় একটি সিঙ্গেল উইন্ডো প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবসার সব অনুমোদন পাওয়া যাবে, পূর্ণাঙ্গ আবেদনের পর সর্বোচ্চ সাত দিনে সেবা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একক আইডির মাধ্যমে সব সরকারি ও বেসরকারি সেবা গ্রহণের সুবিধাও রাখা হয়েছে।

বিদেশগামী ও কর্মরত প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা দেওয়া হয়েছে। এর মাধ্যমে সরকারি সেবা গ্রহণ ও কল্যাণমূলক সুবিধা পাওয়ার প্রক্রিয়া সহজ হবে। নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে প্রথম পর্যায়ে ২০টি এবং পরবর্তীতে আরও ৬০টি আধুনিক ডে-কেয়ার সেন্টার স্থাপনের পরিকল্পনাও বাজেটে রয়েছে।