মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর প্রথমার্ধের পারফরম্যান্সে অসন্তোষ প্রকাশ করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তবে একই সঙ্গে আত্মবিশ্বাস না হারানোর আহ্বান জানিয়েছেন তিনি।

ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘প্রথমার্ধের খেলাটা আমাদের ভালোভাবে মূল্যায়ন করতে হবে। দল ভালো খেলেনি, ভারসাম্যে কিছু সমস্যা ছিল। অপ্রয়োজনীয় ফাউল করেছি, অনেক বল হারিয়েছি।’ প্রথমার্ধে দলের খারাপ খেলার পেছনে স্নায়ুচাপকেও দায়ী করেন এই ইতালিয়ান কোচ।

তবে দ্বিতীয়ার্ধের খেলায় সন্তুষ্ট আনচেলত্তি বলেন, ‘দ্বিতীয়ার্ধে ভালো খেলেছি, আত্মবিশ্বাস হারানো যাবে না। এই ফল মোটেও খারাপ নয়। বিশ্বকাপ তো প্রথম ম্যাচেই জেতা যায় না।’ দলের কোথায় উন্নতি করতে হবে তা এখন পরিষ্কার বলেও জানান তিনি।

ব্যক্তিগত সমালোচনা না করে দলের সামগ্রিক পারফরম্যান্সকেই দায়ী করেন আনচেলত্তি। ভিনিসিয়ুসের পারফরম্যান্স নিয়ে বলেন, ‘ভিনি ভালো খেলেছে, সে বিপজ্জনক ছিল। তার মান ও সামর্থ্য অনুযায়ী সে দারুণ একটি বিশ্বকাপ কাটাবে বলে আমি বিশ্বাস করি।’
আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় হাইতির বিপক্ষে পরের ম্যাচ খেলবে ব্রাজিল।