দুদকের মামলায় ইন্টারপোলের রেড নোটিশ অনুযায়ী দুবাইয়ে গ্রেপ্তার হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠাতে বাংলাদেশকে আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ‘এনসিবি আবুধাবি’ থেকে বাংলাদেশ পুলিশের ‘এনসিবি ঢাকা’ শাখায় পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে এই আহ্বান জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, ইন্টারপোলের রেড নোটিশ (নং এ-৫১৭৪/৪-২০২৫) অনুযায়ী বেনজীরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর দেশটির বিচারিক কর্তৃপক্ষ ফেডারেল আইন নং ৩৯/২০০৬-এর ১১ নম্বর ধারা অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।
প্রত্যর্পণ আবেদনের সঙ্গে সম্পূর্ণ আরবি ভাষায় অনুবাদ করে কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে অভিযুক্তের বিস্তারিত তথ্য ও ছবি, অভিযুক্ত অপরাধের ধারা ও সর্বোচ্চ শাস্তির বিবরণ, বাংলাদেশের বিচার বিভাগ কর্তৃক জারিকৃত আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত প্রতিবেদনের অনুলিপি এবং সাজাপ্রাপ্ত হলে আদালতের রায়ের অনুলিপি।

উল্লেখ্য, লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশে যাত্রাকালে দুবাই ট্রানজিটে বেনজীরকে গ্রেপ্তার করা হয় বলে এক সূত্র জানালেও অন্য সূত্র জানিয়েছে, তাঁকে দুবাইয়ের একটি শপিং সেন্টার থেকে গ্রেপ্তার করা হয়েছে।