হজ শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজারের বেশি হাজি, সৌদিতে মৃত্যু ৫২ জনের

Share

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৫৬ হাজার ৮৬৮ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫২ হাজার ৫৫৫ জন ফিরেছেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

ফিরতি যাত্রীবাহী ফ্লাইটে শীর্ষে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি এখন পর্যন্ত ২৩ হাজার ৯৪৫ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস ১৯ হাজার ৮২৭ জন, ফ্লাইনাস ৮ হাজার ৩৮৩ জন এবং অন্যান্য এয়ারলাইনসে ফিরেছেন ৪ হাজার ৭১৬ জন।

এখন পর্যন্ত মোট ১৩৪টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত ফিরতি ফ্লাইট কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে হজ সম্পন্ন হওয়ার আগে ও পরে এখন পর্যন্ত ৫২ জন বাংলাদেশি হাজি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁদের মধ্যে ৩৫ জন পুরুষ ও ১৭ জন নারী। মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় ১ জন মারা গেছেন। সৌদি আরবেই তাঁদের দাফন সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে এবার মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যান। গত ৩০ মে থেকে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয়েছে।