মাঠে নাটকীয় ড্র, মাঠের বাইরে অনন্য নজির। গত রবিবার রাতে টেক্সাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর ম্যাচ শেষে বড় বড় প্লাস্টিক ব্যাগ হাতে গ্যালারি পরিষ্কারে নেমে পড়েন জাপানি সমর্থকরা। পুরো ম্যাচ জুড়ে গ্যালারিতে ফেলে রাখা সব আবর্জনা নিখুঁতভাবে কুড়িয়ে নেন তাঁরা।
গ্রুপ ‘এফ’-এর এই ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফেরে ব্লু সামুরাইরা। মিডফিল্ডার দাইচি কামাদার গোলে শেষ পর্যন্ত মূল্যবান এক পয়েন্ট নিশ্চিত হয় দলটির।
বড় টুর্নামেন্টে ম্যাচ শেষে ভাঙচুর বা আবর্জনার স্তূপ যেখানে চেনা দৃশ্য, সেখানে জাপানিদের এই দায়িত্বশীলতা আবারও বিশ্বের দৃষ্টি কেড়েছে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে দল হেরে যাওয়ার পরও এবং ২০২২ কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে গ্রুপচ্যাম্পিয়ন হওয়ার রাতেও একই দৃশ্য দেখিয়েছিলেন জাপানি সমর্থকরা।
জাপান দলের সাবেক কোচ হাজিমে মোরিয়াসু বলেন, এটি কোনো প্রদর্শনী নয়, গণপরিসরকে আগের চেয়ে পরিচ্ছন্ন করে রেখে যাওয়া জাপানি সমাজের মজ্জাগত অভ্যাস। ফক্স মিডিয়ার হয়ে খেলা কভার করতে আসা এনএফএল কোয়ার্টারব্যাক জেমিস উইনস্টনও গ্যালারিতে দাঁড়িয়ে এই দৃশ্য গভীর মুগ্ধতার সঙ্গে প্রত্যক্ষ করেন।