ছবি: রয়টার্স

নেতানিয়াহু চুক্তি ভেস্তে দিতে বসেছিলেন: ট্রাম্প

Share

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘জটিল প্রকৃতির মানুষ’ আখ্যায়িত করে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, নেতানিয়াহু ইরানের সঙ্গে চুক্তিটাকে প্রায় ভেস্তে দিয়েছিলেন।

ট্রাম্প জানান, লেবাননে ইসরায়েলের ক্রমবর্ধমান হামলা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তিচুক্তির আলোচনাকে বিপদে ফেলেছিল। তবে একই সঙ্গে তিনি বলেন, ‘সত্যি বলতে, ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকত, ইসরায়েল দুই ঘণ্টাও টিকত না। তাই এই চুক্তির জন্য নেতানিয়াহুর কৃতজ্ঞ থাকা উচিত।’

চুক্তি সম্পন্ন হওয়ার ক্ষেত্রে মার্কিন সামরিক অভিযানের ভূমিকাকেও তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, ক্ষেপণাস্ত্র ও বোমা হামলাই ইরানকে চুক্তিতে রাজি হতে বাধ্য করেছে। ইরান তৃতীয় দফা হামলা চায়নি। তিনি সতর্ক করে বলেন, ইরান চূড়ান্ত পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে আবার সামরিক হামলা শুরু হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দেয় ইরান এবং সংঘাত ছড়িয়ে পড়ে। এখন যুদ্ধ বন্ধে দুই পক্ষ একটি শান্তিচুক্তিতে সম্মত হয়েছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তি সই হওয়ার কথা রয়েছে। চুক্তি সইয়ের পরই হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প।

সূত্র: আল-জাজিরা