বগুড়ার শিবগঞ্জ ও নবঘোষিত মোকামতলা উপজেলায় নতুন চারটি ইউনিয়ন গঠন করে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কিন্তু নতুন তিনটি ইউনিয়নের নামকরণ ঘিরে তীব্র সমালোচনায় পড়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম।
অভিযোগ উঠেছে, শিবগঞ্জে নতুন ইউনিয়নের নামকরণ করা হয়েছে প্রতিমন্ত্রীর পৈতৃক বাসভবন ‘মীরবাড়ী’র নামে। আর মোকামতলায় গঠিত দুটি ইউনিয়নের নাম রাখা হয়েছে তাঁর দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তের নামানুসারে—’সীমান্ত’ ও ‘দীগন্ত’ ইউনিয়ন। গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নামকরণ করা হয়।
জাতীয় নাগরিক পার্টির নারী সংগঠনের আহ্বায়ক মনিরা শারমিন ফেসবুকে প্রতিমন্ত্রীকে ‘বগুড়ার নতুন জমিদার’ আখ্যা দিয়ে লেখেন, ‘বংশীয় ও সন্তানদের নামে ইউনিয়ন পরিষদের নামকরণ করছেন। আহ্! ক্ষমতা!’
তবে অভিযোগ নাকচ করে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, গণশুনানি ও স্থানীয় মতামতের ভিত্তিতে যথাযথ আইন মেনে নামকরণ করা হয়েছে। ছেলেদের নামের সঙ্গে সামঞ্জস্য খোঁজার চেষ্টা ‘মোটেও সঠিক নয়’ বলেও দাবি করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, প্রতিমন্ত্রীর ডিও লেটার পাওয়ার পর প্রশাসনিক পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়। তবে ‘মীরবাড়ী’ নামকরণ সম্পর্কে কোনো মন্তব্য করেননি তিনি।
এদিকে শিবগঞ্জ উপজেলার নামও পরিবর্তন করে ‘মহাস্থান উপজেলা’ রাখার ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী। চাঁপাইনবাবগঞ্জেও একই নামের উপজেলা থাকায় প্রশাসনিক জটিলতার কথা উল্লেখ করে তিনি এ ঘোষণা দেন।