প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান ছবি: বাসস

দিল্লিতে হেনস্তার পর ফেরা ‘তাৎক্ষণিক প্রতিবাদ’: জাহেদ উর রহমান

Share

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখার ঘটনাকে হয়রানিমূলক উল্লেখ করে ঢাকায় ফিরে আসার বিষয়টিকে তাৎক্ষণিক প্রতিবাদ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি এই সরকার ও রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবে গিয়েছিলাম। আমার মনে হলো, ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ হওয়া দরকার।’

গত রোববার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্মকর্তা দীর্ঘ সময় কম্পিউটার স্ক্রিনে উপদেষ্টার তথ্য পরীক্ষা করেন, আঙুলের ছাপ ও আইরিশ স্ক্যান নেন এবং সোফায় অপেক্ষা করতে বলেন। পরে জানা যায়, ভারতের ইমিগ্রেশন নথিতে জাহেদ উর রহমানকে ওয়াচলিস্টে দেখানো হচ্ছিল। বাংলাদেশের হাইকমিশনার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কয়েক দফা যোগাযোগের পর উচ্চপর্যায়ের নির্দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়। কিন্তু ততক্ষণে ঢাকার সঙ্গে পরামর্শ করে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, ‘একটা বার্তা এই দেশ ও এই দেশের বাইরে যাওয়া দরকার যে এটা শেখ হাসিনার সরকার না, এটা জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার।’ তবে তিনি জানান, এই ঘটনায় দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলুক তা তাঁর উদ্দেশ্য নয়। ভবিষ্যতে যথাযথ আমন্ত্রণ পেলে ভারতে যাবেন এবং সমমর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক গড়তে চান বলেও জানান তিনি।

এ ঘটনায় সোমবার ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে তীব্র অসন্তোষ জানিয়েছে বাংলাদেশ।