ঢাকা, ১৬ জুন: আসন্ন পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত তাজিয়া মিছিলে দা, ছুরি, কাস্তে, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ কোনো ধরনের অস্ত্রসদৃশ বস্তু বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো যাবে না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে পবিত্র আশুরা উপলক্ষে নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় এ তথ্য জানান ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
তিনি বলেন, পবিত্র আশুরার সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে এবং কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে সতর্ক নজর রাখা হবে।
ডিএমপি কমিশনার আরও জানান, হোসাইনী দালান ইমামবাড়া এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে ডগ স্কোয়াড ও ম্যানুয়াল সুইপিং পরিচালনা করা হবে। প্রবেশপথগুলোতে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশির ব্যবস্থা থাকবে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
পবিত্র আশুরা ও তাজিয়া মিছিলের কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন।