ছবিঃ সংগৃহীত

আরবি নববর্ষ উপলক্ষে কাবা শরিফে পরানো হলো নতুন কিসওয়া

Share

মক্কা, ১৫ জুন: আরবি নববর্ষ ১৪৪৮ হিজরি উপলক্ষে পবিত্র কাবা শরিফে নতুন গিলাফ (কিসওয়া) স্থাপন করা হয়েছে। সোমবার স্থানীয় সময় এশার নামাজের পর মসজিদুল হারামে আনুষ্ঠানিকভাবে পুরোনো কিসওয়া পরিবর্তন করে নতুন কিসওয়া পরানো হয়।

সাম্প্রতিক বছরগুলোতে প্রচলিত প্রথা অনুযায়ী মহররম মাসের শুরুতে কাবার গিলাফ পরিবর্তন করা হয়ে আসছে। এ বছরও সেই ধারাবাহিকতায় নতুন কিসওয়া স্থাপনের কাজ সম্পন্ন করা হয়। এ উপলক্ষে মসজিদুল হারামে উপস্থিত মুসল্লিদের মধ্যে বিশেষ আগ্রহ দেখা যায়।

কাবার গিলাফ সৌদি আরবের আল জৌদ এলাকায় অবস্থিত কিং আব্দুল আজিজ কমপ্লেক্সে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয়। শতাধিক কারিগরের প্রায় ১১ মাসের পরিশ্রমে এটি প্রস্তুত করা হয়।

নতুন কিসওয়া তৈরিতে ৪৭ খণ্ড উচ্চমানের রেশমি কাপড় ব্যবহার করা হয়েছে। এতে স্বর্ণ ও রৌপ্যের সুতায় পবিত্র কোরআনের ৬৮টি আয়াত ক্যালিগ্রাফির মাধ্যমে অঙ্কিত রয়েছে। গিলাফের অলংকরণে প্রায় ১২০ কেজি স্বর্ণ ও ১০০ কেজি রৌপ্য ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ কিসওয়ার ওজন প্রায় ১ হাজার ৪১৫ কিলোগ্রাম।

অনুষ্ঠানে সৌদি রাজপরিবারের প্রতিনিধি এবং মসজিদুল হারামের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রচলিত রীতি অনুযায়ী নতুন কিসওয়া কাবার দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। পরে পুরোনো কিসওয়ার বিভিন্ন অংশ সংরক্ষণ ও বিশেষ অতিথিদের স্মারক হিসেবে প্রদান করা হয়।