আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের ১৭তম মিনিটে প্রথম গোল করার পর মাঠে উদ্যাপনের সময় কেঁদে ফেলেন লিওনেল মেসি। ম্যাচ শেষে সেই কান্নার কারণ জানালেন নিজেই।
মেসি জানান, ফুটবলের সঙ্গে সম্পর্কিত নয় এমন একটি কারণে কেঁদেছিলেন তিনি। গত কিছু দিন ধরে খুব কঠিন ব্যক্তিগত সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তবে দলের প্রতিনিধি দল ও সতীর্থরা সবসময় পাশে থেকে শক্তি জুগিয়েছেন।
নিজের ফর্ম নিয়ে মেসি বলেন, ছোটবেলা থেকেই ফুটবল তার আবেগ এবং ভালো ফর্মে থাকলে মাঠে সবটুকু উজাড় করে দেন। ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমেও এখনো দারুণ ফর্মে থাকার কথা জানান তিনি। প্রথমার্ধে লড়াই করতে হলেও দ্বিতীয়ার্ধে গুরুত্বপূর্ণ ব্যবধান তৈরি হয়েছে বলে উল্লেখ করেন।
ক্যানসাসের গ্যালারিতে ৮০ হাজারেরও বেশি দর্শকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি বলেন, তাদের কারণেই মনে হয় দল নিজেদের মাঠে খেলছে।
এই ম্যাচে হ্যাটট্রিক করে বিশ্বকাপে গোল ১৬-তে নিয়ে ক্লোসার রেকর্ড স্পর্শ করার পাশাপাশি বিশ্বকাপের সর্বোচ্চ অ্যাসিস্টে ম্যারাডোনার ৮ অ্যাসিস্টের রেকর্ডও স্পর্শ করেছেন মেসি। ম্যাচ শেষে নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ড সামাজিক মাধ্যমে লেখেন, ‘মেসি একটি উন্মাদ।’ আর জ্লাতান ইব্রাহিমোভিচ বলেন, মেসি এখন ফুটবলেরও ঊর্ধ্বে চলে গেছেন।