ছবি: সংগৃহীত

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় ২৬ দিনে রায়, মনিরের যাবজ্জীবন

Share

 

চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মনির হোসেনকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় দেন। মামলার মাত্র ২৬ দিনের মাথায় এবং বিচার শুরুর আট কার্যদিবসের মধ্যে এই রায় ঘোষণা করা হয়।

যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, শিশুধর্ষণ মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। এটি শুধু শারীরিক ক্ষতি করে না, শিশুর মানসিক বিকাশ ও স্বাভাবিক জীবনযাপনকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।

গত ২১ মে বাকলিয়া এলাকার চেয়ারম্যানঘাটা থেকে ধর্ষণের অভিযোগে মনির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ঘিরে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পুলিশের একটি গাড়িতে আগুনও ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। ২২ মে শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

রায় ঘোষণার পর শিশুটির মা বলেন, আদালতের রায়ে ন্যায়বিচার পেয়েছেন। তবে ফাঁসি হলে আরও খুশি হতেন।

উল্লেখ্য, একই দিন চট্টগ্রাম আদালতে শিশু আয়াত হত্যা মামলায় আসামি মো. আবিরের ফাঁসির রায়ও ঘোষণা করা হয়।