আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের রাতে একটি বিতর্কিত ট্যাকল নিয়ে তুমুল আলোচনায় লিওনেল মেসি। বিশ্লেষকদের দাবি, নিশ্চিত লাল কার্ডের হাত থেকে পার পেয়ে গেছেন আর্জেন্টাইন এই তারকা।
প্রথমার্ধের মাঝামাঝি সময়ে, দল ১-০ ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায় আলজেরিয়ার ডিফেন্ডার আইসা মান্ডিরকে পেছন থেকে চ্যালেঞ্জ করেন মেসি। বুটের স্টাড সরাসরি মান্ডির কাফের ওপর লাগে। রেফারি ফাউলের বাঁশি বাজালেও মেসিকে কোনো কার্ড দেননি। মাঠের ভিএআরও বিষয়টিকে ‘সিরিয়াস ফাউল’ বিবেচনা করে রেফারিকে লাল কার্ডের পরামর্শ দেয়নি।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এক সমর্থক লিখেছেন, ‘এটি পরিষ্কার লাল কার্ড ছিল। ভিএআর চেকের পরও হলুদ কার্ডও পেল না—হাস্যকর!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘নামটা মেসি বলেই পার পেয়ে গেল। অন্য কেউ হলে নিশ্চিত মাঠের বাইরে যেতে হতো।’
ইএসপিএন বিশ্লেষক আলে মোরেনো রেফারির সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বলেন, ‘এটি শতভাগ লাল কার্ড ছিল। এই সিদ্ধান্তটি আবারও সেই পুরনো বিতর্ককে উসকে দিল যে বড় মাপের তারকারা মাঠে বাড়তি পক্ষপাতিত্ব পেয়ে থাকেন।’