চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটের হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
শুরুতে জশ ইংলিস ও মিচেল মার্শের উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে বাংলাদেশ। তবে কুপার কনোলির ২৭ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস ও টিম ডেভিডের ২০ রানে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সফরকারীরা। পরে নিখিল চৌধুরীর ১৩ বলে কার্যকরী ১৮ রান অস্ট্রেলিয়ার জয় সহজ করে দেয়। বাংলাদেশের হয়ে অভিষিক্ত আব্দুল গাফ্ফার সাকলাইন দুটি উইকেট নেন। এছাড়া শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান ও রিশাদ হোসেন একটি করে উইকেট শিকার করেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং সহায়ক উইকেটেও বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় বাংলাদেশ। মাত্র ১৩১ রানে অলআউট হয় স্বাগতিকরা। শুরুতে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান ভালো সূচনা দিলেও বড় ইনিংস খেলতে পারেননি কেউই। তাওহীদ হৃদয়, সৌম্য সরকার ও মধ্যক্রমের ব্যর্থতায় চাপে পড়ে দল।
ব্যাটিং বিপর্যয়ের মাঝে মেহেদী হাসান ২২ বলে অপরাজিত ২৯ রানের লড়াকু ইনিংস খেলে দলকে কিছুটা সম্মানজনক সংগ্রহ এনে দেন।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে অ্যাডাম জাম্পা ও অভিষিক্ত জোয়েল ডেভিস তিনটি করে উইকেট নেন। ম্যাট রেনশ নেন দুটি এবং নিখিল চৌধুরী একটি উইকেট শিকার করেন। অস্ট্রেলিয়ার স্পিনাররা মিলিয়ে ৯ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে নিজেদের এক ইনিংসে সর্বোচ্চ স্পিন উইকেট শিকারের নতুন রেকর্ড গড়েন। বাংলাদেশের মাটিতেও কোনো টি-টোয়েন্টি ম্যাচে স্পিনারদের ৯ উইকেট নেওয়ার এটি প্রথম ঘটনা।