ইরানের কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার অধিকার থাকা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সে জি-৭ সম্মেলনের ফাঁকে বুধবার এক সংবাদ সম্মেলনে তেহরানের সঙ্গে সমঝোতা স্মারক কার্যকরের ঠিক আগমুহূর্তে তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, সৌদি আরব ও কাতারসহ অন্য দেশগুলোর কাছে এই ধরনের ক্ষেপণাস্ত্র থাকলে ইরানের একেবারেই না থাকাটা কিছুটা অন্যায্য। আনুপাতিক হারে ইরানের কাছেও কিছু থাকা ঠিক আছে বলে তিনি মত দেন। তাঁর যুক্তি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পারে, কিন্তু পারমাণবিক অস্ত্রের মতো ব্যাপক ধ্বংস ঘটাতে সক্ষম নয়।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সময় ইসরায়েল দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করাকে অন্যতম লক্ষ্য হিসেবে ঘোষণা করেছিল। যুক্তরাষ্ট্রও দীর্ঘদিন দাবি করে আসছিল, এই কর্মসূচি ব্যবহার করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথ তৈরি করছে।
ট্রাম্পের এই মন্তব্যকে ওয়াশিংটনের অবস্থান বদলের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে আগামী ৬০ দিনের মধ্যে অনুষ্ঠিতব্য পরবর্তী আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়টি এজেন্ডায় থাকবে বলে স্পষ্ট করেছেন ট্রাম্প নিজেই।