বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫। ছবি: সংগৃহীত

প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডের নিবন্ধন শুরু

Share

প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ‘বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (বিডিএমএসও) ২০২৬’-এর নিবন্ধন শুরু হয়েছে। সোসাইটি ফর দ্য পপুলাইজেশন অব সায়েন্স, বাংলাদেশ (এসপিএসবি) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) যৌথভাবে এটি আয়োজন করছে।

এই অলিম্পিয়াডের মাধ্যমে আগামী ২ থেকে ৭ অক্টোবর ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় অনুষ্ঠিতব্য ২৩তম আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডের (আইএমএসও) জন্য বাংলাদেশ দল বাছাই করা হবে।

অংশগ্রহণের জন্য শিক্ষার্থীর বয়স ১৩ বছরের কম এবং ষষ্ঠ শ্রেণি বা তার নিচে অধ্যয়নরত হতে হবে। প্রতিযোগিতায় দুটি ক্যাটাগরি রয়েছে। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ‘অলিম্পিয়াড’ এবং তৃতীয় শ্রেণি পর্যন্তদের জন্য ‘কুইজ’ ক্যাটাগরি।

আগামী জুলাইয়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রংপুরে একযোগে জাতীয় পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইংরেজি মাধ্যমে ১২০ মিনিটের এই পরীক্ষার পর নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে তিন দিনের আবাসিক ক্যাম্প করা হবে। সেখান থেকে চূড়ান্ত বাছাইয়ের মাধ্যমে ১২ সদস্যের দল গঠিত হবে, যেখানে গণিত ও বিজ্ঞানে ৬ জন করে প্রতিনিধিত্ব করবে।

উল্লেখ্য, গত বছর মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইএমএসওতে বাংলাদেশের ১২ জন শিক্ষার্থীর সবাই পদক জিতেছিল।

আগ্রহীরা জুন মাসজুড়ে bdmso.org ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবে।