ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবিঃ রয়টার্স

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর কোণঠাসা নেতানিয়াহু, সামনে কঠিন নির্বাচন

Share

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান আরও নাজুক হয়ে পড়েছে। আসছে অক্টোবরে দেশটিতে জাতীয় নির্বাচন, আর জনমত জরিপ বলছে নেতানিয়াহুর ডানপন্থী জোট পরাজয়ের পথে।

গত মার্চে নেতানিয়াহু দাবি করেছিলেন, তারা মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিচ্ছেন। কিন্তু সেই লক্ষ্য পূরণের আগেই ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ থামিয়ে চুক্তিতে স্বাক্ষর করেছেন। ওই চুক্তিতে ইরানের শর্ত মেনে লেবাননেও যুদ্ধ বন্ধের কথা বলা হয়েছে, যা ইসরায়েলকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি মানতে বাধ্য করবে।

দেশের ভেতরেও চাপে আছেন নেতানিয়াহু। দুর্নীতির মামলা, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ব্যর্থতা এবং গাজা-লেবানন অভিযানে হাজার হাজার মানুষের মৃত্যু তাঁর বিরুদ্ধে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। শীর্ষ জেনারেলরাও বলেছেন, যুদ্ধে তাঁর কোনো স্পষ্ট কৌশলগত পরিকল্পনা ছিল না।

বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ সরাসরি বলেছেন, নেতানিয়াহু যুদ্ধ হেরে গেছেন এবং চূড়ান্ত পরীক্ষায় ভেঙে পড়েছেন। অন্যদিকে নিজের ঘনিষ্ঠ মিত্র ট্রাম্পও এক ফোনালাপে তাঁকে ‘উন্মাদ’ বলেছেন বলে জানা গেছে।

আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যা তিনি ‘অযৌক্তিক’ বলে নাকচ করেছেন।

তবে ইসরায়েলের জটিল পার্লামেন্টারি রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতার কারণে অনেক বিশ্লেষক মনে করেন, নেতানিয়াহুকে পুরোপুরি সরিয়ে নতুন সরকার গঠন এত সহজ হবে না।