ইনজুরির কারণে ব্রাজিলের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেও খেলতে পারছেন না তারকা ফরোয়ার্ড নেইমার। দ্রুত সুস্থ হয়ে ফেরার লক্ষ্যে তিনি দলের সঙ্গে ফিলাডেলফিয়া সফরে না গিয়ে নিউ জার্সিতেই থেকে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, নেইমারের বর্তমান চিকিৎসা ও পুনর্বাসনের জন্য নিউ জার্সির হোটেল ও প্রশিক্ষণ কেন্দ্রে থাকা আধুনিক সুযোগ-সুবিধা কাজে লাগানো হবে। সেখানে তিনি ফিটনেস কোচদের পর্যবেক্ষণে বিশেষ অনুশীলন করবেন।
এর আগে বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। সেই ম্যাচেও চোটের কারণে দলে জায়গা হয়নি নেইমারের।
তবে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সম্প্রতি দলের উন্মুক্ত অনুশীলনে সতীর্থদের সঙ্গে কিছু সময় কাটানোর পাশাপাশি আলাদাভাবে পুনর্বাসনমূলক অনুশীলনও করেছেন এই ব্রাজিলিয়ান তারকা।