ছবি: সংগৃহীত

সরকারি চাল বিক্রির অভিযোগে শেরপুরে গুদাম মালিক আটক, জব্দ ৩৩ টন চাল

Share

শেরপুরে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ করা ৩৩ টন সরকারি চাল জব্দ করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে শহরের চাপাতলী এলাকার জেবীন রাইস প্রসেসিংয়ের গুদামে অভিযান চালিয়ে এই চাল উদ্ধার করা হয়।

এ ঘটনায় গুদামের মালিক কসবা-কাঠগড় এলাকার বোরহান উদ্দিনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, চাপাতলী মহল্লায় সরকারি চালের বস্তা পরিবর্তন করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে চলতি জুন মাসের বরাদ্দের সিলযুক্ত সরকারি খাদ্যগুদামের বিপুল পরিমাণ খালি বস্তাও উদ্ধার করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শেরপুর সদর থানা পুলিশকে সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালিত হয়। চালের পরিমাণ বেশি হওয়ায় এ ঘটনায় নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, সরকারি ৩০ কেজির বস্তা থেকে চাল সাধারণ বস্তায় স্থানান্তরের সময় গুদাম মালিককে হাতেনাতে আটক করা হয়। পরে সেখান থেকে মোট ৩৩ হাজার ১০০ কেজি চাল জব্দ করা হয়। এ ছাড়া ২০২৪ থেকে ২০২৬ সালের বিভিন্ন সময়ের সরকারি খাদ্যগুদামের বিপুল পরিমাণ খালি বস্তাও সেখান থেকে উদ্ধার করা হয়।