ছবি: সংগৃহীত

আটকে পড়া প্রবাসীদের জন্য ৩০ দিনের গ্রেস পিরিয়ড ঘোষণা আমিরাতের

Share

আঞ্চলিক অস্থিরতার কারণে নির্ধারিত সময়ে সংযুক্ত আরব আমিরাত ছাড়তে না পারা হাজারো প্রবাসীর জন্য স্বস্তির খবর দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ওভারস্টে জরিমানা ছাড়াই ভিসা বৈধ করা কিংবা দেশ ত্যাগের সুযোগ দিয়ে ৩০ দিনের বিশেষ গ্রেস পিরিয়ড ঘোষণা করেছে দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি)। বৃহস্পতিবার গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইসিপির ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের ১০ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত এই বিশেষ সুবিধা কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্টরা জরিমানা ছাড়াই ভিসা বা আবাসিক অবস্থা বৈধ করতে পারবেন অথবা দেশ ছাড়তে পারবেন।

এই সুবিধা মূলত তাদের জন্য, যারা আঞ্চলিক পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে দেশ ছাড়তে না পারায় আগে ওভারস্টে জরিমানা থেকে অব্যাহতি পেয়েছিলেন। কর্তৃপক্ষের ভাষ্যমতে, অঞ্চলে এখন স্থিতিশীলতা ফিরে আসায় ক্ষতিগ্রস্তদের বৈধভাবে বসবাস অব্যাহত রাখা বা স্বাভাবিক নিয়মে ফেরার সুযোগ দিতেই এই উদ্যোগ।

আইসিপি জানিয়েছে, এই সুবিধা পেতে কোনো বাড়তি আবেদন করতে হবে না। যারা থাকতে চান, তারা গ্রেস পিরিয়ডের মধ্যে নিয়ম অনুযায়ী আবাসন বা কর্মসংস্থানের অবস্থা পরিবর্তন করতে পারবেন। আর যারা দেশ ছাড়তে চান, তারা বিদ্যমান প্রক্রিয়াতেই সরাসরি চলে যেতে পারবেন।

উল্লেখ্য, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে আকাশসীমা বন্ধ ও ফ্লাইট স্থগিত থাকার প্রেক্ষাপটে গত মার্চে প্রথমবার ভিসাধারী, এক্সিট পারমিটধারী ও বাতিল হওয়া আবাসিক ভিসাধারীদের ওভারস্টে জরিমানা থেকে অব্যাহতি দিয়েছিল ইউএই কর্তৃপক্ষ।