পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

সিন্ধু পানি নিয়ে ভারতের বিরুদ্ধে জাতিসংঘে কড়া প্রতিবাদ পাকিস্তানের

Share

সিন্ধু নদ অববাহিকার পানিকে ভারত অন্যায়ভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং এর ফলে পাকিস্তানের পানি, খাদ্য ও অর্থনৈতিক নিরাপত্তা গুরুতর হুমকির মুখে পড়েছে বলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। শুক্রবার জাতিসংঘ সদর দপ্তর থেকে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের পক্ষে জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ নিরাপত্তা পরিষদের বর্তমান প্রেসিডেন্ট, কলম্বিয়ার রাষ্ট্রদূত লিওনোর জালাবাতা তোরেসের কাছে এই প্রতিবাদপত্র হস্তান্তর করেন। চিঠিতে সিন্ধু পানি চুক্তি লঙ্ঘনের সুনির্দিষ্ট বিবরণ তুলে ধরে ভারতকে আন্তর্জাতিকভাবে জবাবদিহি করার আহ্বান জানানো হয়েছে।

আসিম ইফতিখার জানান, চেনাব নদী ব্যবস্থা সংশ্লিষ্ট ভারতের দুটি অবকাঠামো প্রকল্পের দিকে নিরাপত্তা পরিষদের জরুরি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এই চিঠিতে, যেগুলোর মাধ্যমে নদীর স্বাভাবিক প্রবাহ পরিবর্তনের চেষ্টা চলছে বলে অভিযোগ পাকিস্তানের।

প্রসঙ্গত, ২০২৫ সালের মে মাসে দুই দেশের সংক্ষিপ্ত সামরিক সংঘাতের পর ভারত একতরফাভাবে ১৯৬০ সালের এই চুক্তি স্থগিত করার ঘোষণা দেয়। এর প্রেক্ষাপটে ছিল কাশ্মীরের পাহালগামে পর্যটক নিহতের ঘটনা, যার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা প্রত্যাখ্যান করেছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আনদ্রেবি সম্প্রতি জানান, ভারত আগামী ১ আগস্ট থেকে হিমাচল প্রদেশে চেনাব নদীর ওপর একটি নতুন প্রকল্পের কাজ শুরু করতে যাচ্ছে, যার মাধ্যমে চেনাবের পানি বিয়াস অববাহিকায় সরিয়ে নেওয়া হবে। এই উদ্যোগকে সিন্ধু পানি চুক্তি ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে ইসলামাবাদ।

উল্লেখ্য, গত জুনে আন্তর্জাতিক সালিশি আদালত পার্মানেন্ট কোর্ট অব আরবিট্রেশন এক রায়ে জানিয়েছিল, ভারত এককভাবে এই চুক্তি স্থগিত রাখতে পারে না। তবে ভারত এখনো সীমান্ত পারের সন্ত্রাসবাদ বন্ধ না হওয়া পর্যন্ত চুক্তি স্থগিত রাখার অবস্থানে অনড় রয়েছে।