ছবি: সংগৃহীত

জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

Share

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক জোটের সঙ্গে নয়, বরং এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তরুণদের নেতৃত্বাধীন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের তৃণমূল পর্যায়ের সাংগঠনিক ভিত্তি মজবুত করতেই এই কৌশল নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। তবে এতে ভোট বিভাজনের কারণে কিছু আসনে জয়ের সম্ভাবনা কমে যাওয়ার ঝুঁকিও দেখছে দলটি।

আত্মপ্রকাশের মাত্র এক বছরের মাথায় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ছয়টি আসনে জয়লাভ করেছিল এনসিপি। এরপর দলটি এখন মনোযোগ দিয়েছে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করায়, যার অংশ হিসেবে দেশজুড়ে ওয়ার্ড পর্যায় পর্যন্ত কমিটি গঠনের কাজ চলছে।

দলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, নির্বাচনের আগের চেয়ে এখন দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল। যেসব এলাকায় দলের অস্তিত্ব নেই, সেখানে নতুন কমিটি গঠনের পাশাপাশি পুরোনো কমিটিগুলোর কার্যক্রম মূল্যায়ন করে প্রয়োজনীয় সংস্কারও আনা হচ্ছে। তিনি স্বীকার করেন, এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ফলে ভোট বিভাজনে কিছু জায়গায় জয়ের সম্ভাবনা বাধাগ্রস্ত হতে পারে।

দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, স্থানীয় সরকার নির্বাচন কবে ও কী প্রক্রিয়ায় হবে তা এখনো অনিশ্চিত থাকায় জোট গঠন নিয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা এখনো শুরু হয়নি। তিনি আরও জানান, রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত অনেকেই দলে যোগ দিতে চাইলেও ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে এমন বিতর্কিত কাউকে সচেতনভাবেই এড়িয়ে চলছে এনসিপি।