ছবি: সংগৃহীত

কুনিয়ার জোড়া গোলে হাইতিকে উড়িয়ে জেগে উঠল ব্রাজিল

Share

প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে সমালোচনার মুখে পড়া ব্রাজিল হাইতিকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের জাত চেনাল। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুটি গোল করেন মাতেউস কুনিয়া, একটি ভিনিসিয়ুস জুনিয়র।

ম্যাচের ২৩ থেকে ৩৬ মিনিটের মধ্যে জোড়া গোল করেন কুনিয়া। দুটি গোলেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ভিনিসিয়ুস—প্রথমটিতে তাঁর শট হাইতি গোলকিপার ঠেকানোর পর ফিরতি বলে গোল করেন কুনিয়া, পরেরটি আসে ভিনির দুর্দান্ত থ্রু পাস থেকে। এর আগে প্রথমার্ধের যোগ করা সময়ে লুকাস পাকেতার পাস থেকে নিজেও গোল করেন ভিনিসিয়ুস, গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠিয়ে।

তিনটি গোলই আসে প্রথমার্ধে। এছাড়া অফসাইডের কারণে বাতিল হয় রাফিনিয়া ও বদলি নামা এনদ্রিকের দুটি গোলও। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণভাগে কিছুটা ছন্দপতন দেখা যায় ব্রাজিলের, যেখানে কোচ কার্লো আনচেলত্তি একাধিক পরিবর্তন এনে পরীক্ষা-নিরীক্ষা চালান।

৪০ মিনিটে চোটের কারণে মাঠ ছাড়েন রাফিনিয়া, তাঁর জায়গায় নামেন তরুণ ফরোয়ার্ড রায়ান। মাঝমাঠে ব্রুনো গিমারাইস ও পাকেতার কার্যকর জুটি পুরো ম্যাচেই আক্রমণে বল জোগান দেয়। দ্বিতীয়ার্ধে হাইতিও কয়েকবার সুযোগ তৈরি করেছিল, তবে ব্রাজিল গোলরক্ষক আলিসনের দৃঢ়তায় তা কাজে লাগেনি।

এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠল ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে মরক্কো, তিনে স্কটল্যান্ড। অন্যদিকে দুই ম্যাচেই হেরে গ্রুপের তলানিতে রয়েছে হাইতি।