বিশ্বকাপের দ্রুততম গোলে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে মরক্কো। বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মাত্র ৭১ সেকেন্ডের মাথায় গোল করেন মরক্কোর মিডফিল্ডার ইসমায়েল সাইবারি, যা এবারের আসরের দ্রুততম গোল। ডান প্রান্ত দিয়ে বক্সে বল পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে এই গোল করেন তিনি, যিনি আগের ম্যাচে ব্রাজিলের বিপক্ষেও জাল খুঁজে পেয়েছিলেন।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মরক্কোর মিডফিল্ডার আজ্জেদিন উনাহি দাবি করেছিলেন, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ ব্রাজিলের চেয়েও কঠিন হবে। শেষ পর্যন্ত তাঁর কথা মিথ্যা প্রমাণিত হয়নি।
ম্যাচে বল দখলে ৫৯ শতাংশ সময় নিয়ন্ত্রণ রাখলেও মরক্কো একাধিক গোল করতে পারেনি। মোট ১২টি শটের মধ্যে মাত্র দুটি পোস্টে রাখতে সক্ষম হয় তারা। অন্যদিকে রক্ষণাত্মক কৌশলে খেলা স্কটল্যান্ড ৬টি শট নিলেও কোনোটিই পোস্টে রাখতে পারেনি, যদিও বিরতির পর তুলনামূলক ভালো খেলে তারা। স্কটিশ গোলরক্ষক অ্যাঙ্গাস গান একটি ভালো সেভ করেন এবং দলটির দুটি পেনাল্টির আবেদন রেফারি নাকচ করে দেন।
এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠল মরক্কো। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে স্কটল্যান্ড। আর ১ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছিল ব্রাজিল, যারা একই দিন গ্রুপের চতুর্থ দল হাইতির মুখোমুখি হয়েছে।