জামায়াতে ইসলামীকে একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল আখ্যা দিয়ে গণতন্ত্রে তাদের বিশ্বাস না থাকার অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় কাঠেরপুল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জনগণের সমর্থনে দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হওয়ায় বিএনপির গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলা সমীচীন নয়। তিনি দাবি করেন, বিএনপি একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাসী নয় এবং গত ৫০ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং তারেক রহমানের নির্বাসিত জীবনের প্রসঙ্গ টেনে আনেন তিনি।
মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, উভয় দেশের মর্যাদা ও স্বার্থ রক্ষা করে চুক্তি সম্পন্ন হবে এবং বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়েও আলোচনা হবে।
স্থানীয়দের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, মাত্র তিন মাসের মধ্যে সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু করেছে এবং ধর্মীয় প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের ভাতাসহ দেশব্যাপী খাল কাটা কর্মসূচি শুরু করেছে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে তিনি কালীদাস নদীর ওপর উত্তর ইসলামপুর-মোল্লারচর কাঠের পুলের স্থলে সেতু নির্মাণের আশ্বাস দেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এর আগে তিনি উত্তর ইসলামপুর সামাজিক কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করেন। দুপুরে মুন্সীগঞ্জ সার্কিট হাউজে একটি মতবিনিময় সভায় যোগদানের কথা রয়েছে তাঁর।