মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, হবে ১৭ চুক্তি-সমঝোতা

Share

আগামীকাল রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা সরকার গঠনের পর তাঁর প্রথম বিদেশ সফর। শনিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে প্রাধান্য পাবে শ্রমবাজার পুনরায় খুলে দেওয়া, আসিয়ানের সদস্যপদ প্রাপ্তি এবং মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়। এই সফরে কয়েকটি চুক্তি সইয়েরও সম্ভাবনা রয়েছে।

মালয়েশিয়া সফর শেষে ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী এবং ২৬ জুন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। এই সফরে সমন্বিত নদী ও পানি ব্যবস্থাপনা, বিশেষ করে তিস্তা বহুমুখী প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হবে চীনের সঙ্গে।

ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, ঢাকা-বেইজিংয়ের মধ্যে মোট ১৩টি সমঝোতা স্মারক, ২টি চুক্তি, ১টি অ্যাকশন প্ল্যান এবং ১টি প্রটোকল সই হবে। এ ছাড়া দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতাও আরও বাড়বে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর এই সফরে পররাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীসহ মোট ২৭ সদস্যের একটি প্রতিনিধি দল সঙ্গে থাকবে।