রাফিনহার চোটে দুশ্চিন্তায় ব্রাজিল। ছবি: সংগৃহীত

রাফিনহার চোটে দুশ্চিন্তায় ব্রাজিল, তবে স্বস্তি দিচ্ছেন নেইমার

Share

হাইতির বিপক্ষে জয়ের ম্যাচেই চোটের ধাক্কা খেল ব্রাজিল। দলের অন্যতম ভরসার ফরোয়ার্ড রাফিনহা হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় আসন্ন ম্যাচগুলোতে তাঁর অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

শনিবার ব্রাজিল জাতীয় দলের পক্ষ থেকে জানানো হয়, ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে ৪০ মিনিটে ডান উরুতে অস্বস্তি অনুভব করেন ২৯ বছর বয়সী এই উইঙ্গার। মাঠেই প্রাথমিক চিকিৎসার পর তাঁকে তুলে নিয়ে বদলি নামানো হয় রায়ানকে।

ম্যাচ শেষে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানায়, পরীক্ষায় তাঁর চোট ধরা পড়লেও তা গুরুতর নয় এবং বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কা আপাতত নেই। তাঁকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়নি, দলের সঙ্গেই থেকে চিকিৎসকদের তত্ত্বাবধানে পুনর্বাসন চালিয়ে যাবেন তিনি। দ্রুত অনুশীলনে ফেরাতে বিশেষ চিকিৎসা পরিকল্পনাও নেওয়া হয়েছে।

রাফিনহার এই চোট কোচ কার্লো আনচেলত্তির জন্য কিছুটা উদ্বেগের কারণ হলেও দলের জন্য এসেছে আরেকটি স্বস্তির খবর। পায়ের পেশির চোটে প্রথম দুই ম্যাচ মিস করা নেইমার পরের ম্যাচের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন আনচেলত্তি।

উল্লেখ্য, বিশ্বকাপ শুরুর আগেই চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন ডিফেন্ডার ওয়েসলি, এরপর রাফিনহার চোট সেলেসাওদের জন্য নতুন উদ্বেগ যোগ করল। আগামী বুধবার মায়ামি গার্ডেন্সে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল, সেই ম্যাচে রাফিনহাকে পাওয়া যাবে কি না তা নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থার উন্নতির ওপর।