দক্ষিণ ও পূর্ব লেবাননে শনিবার বিকেল পর্যন্ত ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) দাবি, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধবিরতির একদিন পরই ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়ে চুক্তি লঙ্ঘন করায় তারা হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু করেছে। লেবাননের গণমাধ্যম ও জরুরি সেবাকর্মীদের তথ্যমতে, এসব হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন।
আইডিএফ জানায়, তারা রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। এক সামরিক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ আইডিএফকে লেবাননে গুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। চ্যানেল ১২ নিউজের প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক নেতৃত্ব ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমন্বয়ের পরই এই নির্দেশনা জারি হয়।
তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নেতানিয়াহু স্পষ্ট করেছেন যে উত্তর সীমান্ত রক্ষার প্রয়োজন থাকা পর্যন্ত ইসরায়েল দক্ষিণ লেবাননে অবস্থান করবে। তিনি আইডিএফকে হিজবুল্লাহর যেকোনো হামলার জোরালো জবাব দিতেও নির্দেশ দিয়েছেন বলে জানান এই কর্মকর্তা।
বিবৃতিতে আরও বলা হয়, গত দুই দিনে হিজবুল্লাহর হামলার জবাবে আইডিএফ ৩০০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং প্রায় ১০০ জনকে হত্যা করেছে। ইসরায়েলি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহ আবার হামলা চালালে আরও কঠোর জবাব দেওয়া হবে।
আইডিএফ তাৎক্ষণিকভাবে নিজেদের কোনো হতাহতের তথ্য প্রকাশ না করলেও হিজবুল্লাহর হামলাকে যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিক লঙ্ঘন বলে দাবি করেছে তারা।